প্রিন্ট এর তারিখঃ Oct 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2026 ইং
প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাট পরিদর্শনে ডিসি-এসপি

সূর্য আহমেদ মিঠুন: নারায়ণগঞ্জ
শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির ও পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান।
সোমবার (১৯ অক্টোবর) ঘাট পরিদর্শনকালে তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকালে কর্মকর্তারা বিসর্জন ঘাটের সার্বিক পরিস্থিতি, জনসমাগম ব্যবস্থাপনা ও নিরাপত্তাব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় প্রতিমা বিসর্জন কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়।
কর্মকর্তারা জানান, ধর্মীয় সম্প্রীতি ও ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সবার অংশগ্রহণ ও সহযোগিতায় উৎসবমুখর, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জন সম্পন্ন করাই প্রশাসনের মূল লক্ষ্য। এ লক্ষ্যে ঘাটে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে প্রতিমা বিসর্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
সকল কিছুর স্বত্বাধিকারঃ ডে-নাইট-নিউজ